বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দেশে বিভিন্ন খাল খনন ও পুনঃখনন প্রকল্পে অনিয়ম এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ তুলে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সোমবার (১ জুন) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে অবস্থিত এবি পার্টির স্থানীয় কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখননের প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ইতোমধ্যে খননকৃত খাল কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এতে সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্য অনুযায়ী একটি খাল খননে যে পরিমাণ ব্যয় হওয়ার কথা, বাস্তবে অনেক প্রকল্পে তার কয়েকগুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা কর্মসূচির তুলনায় এসব কার্যক্রমের প্রচারণায় অস্বাভাবিক পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে। তার দাবি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণকৃত বিভিন্ন কার্ডের প্রচারে শত শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা জনকল্যাণের পরিবর্তে বিশেষ গোষ্ঠীর আর্থিক সুবিধা নিশ্চিত করার আশঙ্কা তৈরি করছে।
দেশের মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মাদকের বিস্তার বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক এলাকায় মাদকের প্রভাব বাড়ছে। তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.