স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে রায়হান মীর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়াবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মীর আকড়াবাড়ী গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় রায়হান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল ৬টার দিকে নদী থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।
দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নাত আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, “প্রায় চার ঘণ্টা তল্লাশির পর নবগঙ্গা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে মরদেহ স্থানীয় ইউপি সদস্য জিন্নাত আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.