মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় কাজিয়াড়া গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (৪০) এবং নজরুল ইসলামের ছেলে সাগর হোসেনকে (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, নেহালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অলোক বিশ্বাসের নেতৃত্বে একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আজিজুলের কাছ থেকে ২৬ পিস এবং সাগরের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাস জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত দুইজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.