স্টাফ রিপোর্টার, নড়াইল
সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নড়াইল সদর খাদ্যগুদামে ১৭০ বস্তা ধান প্রবেশ করানোকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নড়াইল সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোহাম্মদ আহসান কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ মে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮২২ জন কৃষককে নির্বাচিত করা হয় এবং তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার আগেই নড়াইল সদর খাদ্যগুদামে ১৭০ বস্তা ধান সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং ধান সংগ্রহের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোহাম্মদ আহসান কবির বলেন, “বুধবার (৩ জুন) ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই খাদ্যগুদামে ১৭০ বস্তা ধান সংগ্রহ করা হয়েছে।”
অন্যদিকে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির জানান, নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণের পর তাদের উপস্থিতিতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্থানীয় কৃষক সুজন ভূইয়া বলেন, “সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। উদ্বোধনের আগেই খাদ্যগুদামে যে ধান প্রবেশ করেছে, তার উৎস ও সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।”
এ ঘটনায় কৃষক ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.