ফরিদপুর প্রতিনিধি
ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে ধর্ষণ এবং সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে হাসিব চৌধুরী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে রাজধানীর লালবাগ থানার পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসিব চৌধুরী বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে। তিনি ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারনামীয় আসামি।
র্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব। গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সে। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের ভিডিও ও ছবি হাসিব তার মুঠোফোনে ধারণ ও সংরক্ষণ করে।
পরবর্তীতে ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে হাসিব। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণকৃত আপত্তিকর ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছেড়ে দেয় সে।
এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৪১, তারিখ- ১১/০৫/২০২৬ খ্রি.) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গতকাল ২ জুন রাতে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে হাসিবকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভ্যাপ উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.