দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আকাশের বিরুদ্ধে। বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিম খাতুনের স্বজনদের অভিযোগ, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ১ জুন একই কারণে মিমকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি পরিবারের।
স্থানীয়রা মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
নিহত মিম খাতুনের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করে সংসারে সহযোগিতা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মিমের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, নিহতের সুরতহাল করতে যাওয়া কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুল আলম বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.