গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় বুধবার (৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যত্রতত্র পার্কিং, অবৈধ দখল, পরিবেশদূষণ এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রুট পারমিটবিহীন ঢাকার একটি বাস সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করায় এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পৌরসভার সহযোগিতায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ ছোট দোকান উচ্ছেদ করা হয়। রাস্তা দখল করে রাখা কিছু ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান চলাকালে রাস্তার ওপর বিক্রির জন্য রাখা ফল রেখে পালিয়ে যায় কয়েকজন ব্যবসায়ী। পরে জব্দ করা ফল স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সহযোগিতায় মাহিলাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন মাসের কারাদণ্ড এবং অপরজনকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এদিকে পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহারের দায়ে সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা, পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.