আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও জাল স্বাক্ষর ব্যবহার করে জমি নামজারির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তির নামে করা নামজারি বাতিল করেছে উপজেলা ভূমি প্রশাসন।
বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম এ অভিযোগ করেন।
তিনি জানান, তাঁর বাবা মো. অলিয়ার রহমান পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মালিকানাধীন ৮০ শতাংশ জমি দানপত্রের মাধ্যমে তাঁর নামে লিখে দেন। পরবর্তীতে ৬ মে ২০২৬ তারিখে তিনি জমির নামজারির জন্য আবেদন করেন। শুনানি শেষে দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়ায় ভূমি অফিসে খোঁজ নিতে গেলে জানতে পারেন, আবেদনকৃত জমি ও বসতভিটা ইতোমধ্যে অন্য একজনের নামে নামজারি হয়ে গেছে।
শহিদুল ইসলামের অভিযোগ, তাঁর প্রতিবেশী শাম কাজী ২০০৮ সালের ৭৯১ নম্বর দলিলের ভিত্তিতে জমিটি নিজের নামে নামজারি করিয়েছেন। ভূমি অফিসে প্রদর্শিত দলিলের কপিতে তাঁর বাবা অলিয়ার রহমানকে দাতা হিসেবে দেখানো হলেও সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত মূল দলিল যাচাই করে সেখানে অলিয়ার রহমানের নাম পাওয়া যায়নি। এছাড়া দলিলে ব্যবহৃত ছবি ও স্বাক্ষরও তাঁর বাবার নয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান-কে অবহিত করলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং প্রাথমিকভাবে জালিয়াতির সত্যতা পান। পরে অভিযুক্তের নামে করা নামজারি বাতিল করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র ও রেকর্ড যাচাই করা হয়েছে। তদন্তে অসঙ্গতি ও জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সে কারণে নামজারি বাতিল করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাম কাজীর বক্তব্য জানতে তাঁর বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পেশায় মাটি কাটার দিনমজুর।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম জাল দলিল তৈরি ও ব্যবহারকারীদের দ্রুত আইনের আওতায় আনা, জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ভূমি জালিয়াতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.