মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় কুলটিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তি হলেন সৈকত বিশ্বাস (৫০)। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এবং কুলটিয়া মোড়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের এক সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর স্বামীর অনুপস্থিতির সুযোগে সৈকত বিশ্বাস তার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, তারা সৈকত বিশ্বাসের এক আত্মীয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে সৈকত তার স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীল প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় জোরপূর্বক দুর্ব্যবহার করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
পরে সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সৈকত বিশ্বাসের বাড়িতে যান। সেখানে তাকে পেয়ে ক্ষুব্ধ লোকজন মারধর করে বলে জানা যায়।
তবে সৈকত বিশ্বাস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে মারধর করেছে।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাড়া বাসা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.