যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাস ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
বুধবার (৩ জুন) বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আসলাম খানের ছেলে মাসুদ খান (১৯) এবং একই ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হালিম শেখের ছেলে বায়েজিদ শেখ (২০)।
স্থানীয় সূত্র জানায়, মাসুদ খান ও বায়েজিদ শেখ ঘনিষ্ঠ বন্ধু। মাসুদ খান ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত এবং বায়েজিদ শেখ শুধু সেবনকারী হিসেবে পরিচিত।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল তিনটার দিকে থানা পুলিশের সহযোগিতায় কাদিরপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ খান ও বায়েজিদ শেখকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, মাসুদ খানকে ছয় মাস এবং বায়েজিদ শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, ইয়াবা সরবরাহ ও সেবনের দায়ে আইন অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.