পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে এবং আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন অটোরিকশা চালক রাসেল (৩৫) ও হাওয়া বেগম (৪৫)। তারা উভয়েই বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কলেজছাত্রী মারিয়া আক্তার আগেই মারা গিয়েছিলেন। আহত হাওয়া বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.