শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর প্রবাসজীবন শেষে দেশে ফিরে কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে তাকে বহনকারী ফেরি পৌঁছালে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে স্বাগত জানান। এ সময় ফেরিঘাট এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে একাধিক মামলার মুখোমুখি হয়ে ফরিদ দেওয়ান যুক্তরাজ্যে চলে যান। প্রবাসে অবস্থান করলেও তিনি স্থানীয় রাজনীতি ও দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।
ফেরিঘাটে শুভেচ্ছা বিনিময় শেষে সহস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর নিয়ে তিনি মহাসড়ক হয়ে গোয়ালন্দ শহরে প্রবেশ করেন। পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ অন্যান্য নেতারা।
নিজের বক্তব্যে ফরিদ দেওয়ান বলেন, “দীর্ঘদিন পর নিজের মাটি ও মানুষের কাছে ফিরে এসে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। আমি রাজনীতির মানুষ। গোয়ালন্দের মানুষের কল্যাণে আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে কাজ করতে চাই। দল চাইলে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতেও আগ্রহী।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে খুন, নাশকতা ও বিভিন্ন অভিযোগে একাধিক মিথ্যা মামলা দিয়েছিল। কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। আমি সব মামলায় জামিনে আছি এবং আদালতে এসব মামলা মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হবে বলে আশা করি।”
প্রবাসে থাকাকালেও গোয়ালন্দের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, দল ও দলের নেতাকর্মীদের জন্য সবসময় কাজ করার চেষ্টা করেছি।
মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ফরিদ দেওয়ান বলেন, “বিএনপির রাজনীতি করবেন, আবার অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন—এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.