নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বোর্ডবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমীর মো. খায়রুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মো. হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন এবং গাছা থানা জামায়াতের আমীর নিয়াজ উদ্দিন মাস্টার। এ ছাড়া মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে। বাজার ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণের অভাব এবং মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে সংকটময় করে তুলেছে।
তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জনবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.