ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। তবে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”
সভাপতির বক্তব্যে ডা. মো. খায়রুল আলম বলেন, “ডেঙ্গু এখন আর অবহেলার বিষয় নয়; এটি একটি প্রাণঘাতী রোগ। ডেঙ্গুবাহী এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি অপসারণ করতে হবে।”
তিনি বলেন, “আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সবাই মিলে কাজ করলে ডেঙ্গুমুক্ত আত্রাই গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.