আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে ৫ বল ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো খালে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার একটি দল উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা থেকে ৫টি পলি বলে রাখা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করা হয়।
বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে দ্রুত রেনু পোনাগুলো পরীক্ষা করা হয়। রেনু পোনাগুলো দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বসন্তপুর এলাকার দেবহাটা খালে জব্দকৃত রেনু পোনা অবমুক্ত করা হয়।
রেনু পোনা অবমুক্তকালে ওসি আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সতর্ক করে বলেন, অবৈধভাবে ভারতীয় রেনু পোনা পাচার ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এক মাসে দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৩৪ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। এর আগে জব্দকৃত রেনু পোনাগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.