নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন শিবিরের সভাপতির হাতে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশিয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানতে চাইলে মান্দা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান তার পদটি নিশ্চিত করে বলেন, আপেল ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করছে। এটা তাদের পারিবারিক দন্ড । রাজনৈতিক পদ ব্যবহার না করতে বলেন তিনি।
এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.