স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পাটগাতী-টু-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় যানজট ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সড়কের পাশ থেকে নিরাপদ স্থানে হাট স্থানান্তরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাটগাতী-টু-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বাঁশের হাট বসছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার পথচারী চলাচল করেন। হাট থেকে ক্রয় করা বাঁশ ট্রাক বা অন্যান্য যানবাহনে তোলার সময় প্রায়ই সড়কের একাংশ কিংবা পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এতে একদিকে যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে দ্রুতগতির যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয় ভ্যানচালক জাহাঙ্গীর শেখ, অটোরিকশাচালক ইমন শেখসহ একাধিক পথচারী জানান, সড়কের নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ ওঠানো-নামানো করা উচিত। অনেক সময় বাঁশ গাড়িতে তোলা বা নামানোর সময় রাস্তা আটকে যায়। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, “সড়ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে বাঁশের বেচাকেনা ও ওঠানো-নামানোর কার্যক্রম পরিচালিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বাঁশের হাটটি সড়কের পাশ থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.