নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের মেয়ে ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে টঙ্গীতে একটি কোম্পানিতে চাকরির সাক্ষাৎকার দিতে রওনা দেন।
রাত সাড়ে ৯টার দিকে সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাস এলাকায় পৌঁছালে চালক পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত এক ব্যক্তিকে যাত্রী হিসেবে গাড়িতে ওঠান। এ সময় শোভা প্রতিবাদ করলে ওই ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে তার কাছে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শোভাকে উদ্ধার করে।
পরদিন তদন্তের অংশ হিসেবে পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও সিএনজি চালক আরমান মিয়া (২৮)-কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সহযোগী শায়ন ওরফে চয়ন (২৯)-এর নাম প্রকাশ করেন।
পরে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: গাজীপুর-থ-১২-০৮১১) জব্দ করে এবং ছিনতাইকৃত মালামালের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করে।
এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। দ্রুত সময়ের মধ্যে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
রোববার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.