সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
রোববার (৭ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মো. শফিকুল ইসলাম সরকার (জি), পিএসসি, বিএন-এর কাছ থেকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের মাধ্যমে তিনি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
এর আগে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্প, বিভিন্ন কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে উন্নয়নমূলক কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলগতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনিক জটিলতা কমিয়ে কার্যক্রমের গতি বাড়ানো, বন্দরের আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বন্দরের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত আলোচনা সভা আয়োজন করা হবে।
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর এবং নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট—বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা ও মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা মোংলা বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.