পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই নেতার চিঠি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া চিঠিতে মিরাজুল ইসলাম ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাঁর নেতৃত্বে দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পাশাপাশি সরকারপ্রধানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাড ব্যবহার করে পাঠানো হয়েছে। মো. মিরাজুল ইসলাম ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিতে মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান ঠিকাদারি প্রকল্পগুলোর সময়সীমা আরও এক বছর বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলের একজন শীর্ষস্থানীয় নেতার এমন চিঠি পাঠানোকে ঘিরে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.