শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকাল ৫টায় উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পাঁচরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান সেপাই, সাবেক সদস্য সচিব রানা, যুবদল নেতা বাশার খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা এলাকায় গ্রামীণ হাসপাতালের নিচে চিকিৎসা সেবা দিয়ে আসছেন মাহামুদুল হাসান। তার চিকিৎসা সেবার মান ভালো এবং রোগীর সংখ্যা বেশি হওয়ায় একই এলাকার শোহাগ শেখ ও তার সহযোগী হেলাল তালুকদার বিভিন্ন সময় তাকে হয়রানি এবং “ভুয়া ডাক্তার” বলে অপপ্রচার চালিয়ে আসছেন।
তারা আরও দাবি করেন, গত মাসে মাহামুদুল হাসানকে হেনস্তা করার উদ্দেশ্যে দুইটি হাইয়েস গাড়িতে করে কিছু লোকজন ও সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে নিয়ে আসা হয়। ওই সময় তার চেম্বারে গিয়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে বাগেরহাটে কর্মরত ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত মন্ডল বাদী হয়ে চিকিৎসক মাহামুদুল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বলে বক্তারা উল্লেখ করেন।
এ মামলাকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.