নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার পর রোববার (৭ জুন) এজাহারভুক্ত ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধেরহাট বাজার এলাকায় মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেয় এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর শুক্রবার রাতে ২৪ জন এবং পরে শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই ঘটনার ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি আওয়ামী লীগের অফিস ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.