যশোর প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যশোরে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের সমর্থনে জার্সি, পতাকা ও ফুটবল সামগ্রী কিনতে বিভিন্ন মার্কেট ও স্পোর্টস শপে ভিড় করছেন ক্রীড়াপ্রেমীরা। বরাবরের মতো আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি হলেও এবার পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি এমনকি ইরানের জার্সিও বিক্রি হচ্ছে ব্যাপক হারে।
শহরের বিভিন্ন শপিংমল ও ক্রীড়া সামগ্রীর দোকান ঘুরে দেখা গেছে, বিশ্বকাপ সামনে রেখে ক্রেতাদের ভিড় বেড়েছে কয়েকগুণ। শিশু থেকে বয়স্ক—সব বয়সী সমর্থকরাই নিজেদের পছন্দের দলের জার্সি কিনতে ব্যস্ত সময় পার করছেন।
আর্জেন্টিনা সমর্থক সজীব বিশ্বাস বলেন, “ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত। এবারও জার্সি কিনেছি, বাসায় পতাকা টানিয়েছি। আশা করি শিরোপা আর্জেন্টিনার হাতেই উঠবে।”
আরেক সমর্থক নিরঞ্জন সরকার বলেন, “ম্যারাডোনার নাম শুনে বড় হয়েছি, এখন মেসির ভক্ত। বর্তমান দল নিয়ে আমি বেশ আশাবাদী।”
অন্যদিকে ব্রাজিল সমর্থক আনিসুল হক বলেন, “আগের মতো খেলা বিশ্লেষণ করা হয় না, তবে ব্রাজিলের সমর্থক হিসেবে চাই কাপটা ব্রাজিলই জিতুক।”
তরুণ সমর্থক মিনহাজ জানান, নেইমারের খেলা দেখতেই তিনি রাত জেগে ম্যাচ উপভোগ করেন এবং ইতোমধ্যে ব্রাজিলের জার্সি কিনে ফেলেছেন।
তবে এবার শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, অন্য দলগুলোর প্রতিও আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে পর্তুগালের জার্সির চাহিদা উল্লেখযোগ্য। পাশাপাশি স্পেন, ফ্রান্স ও জার্মানির জার্সিও বিক্রি হচ্ছে ভালো।
ক্রেতা সাইফুল ইসলাম বলেন, “আগে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে স্পেনের অবস্থানের কারণে এবার স্পেনকে সমর্থন করছি।”
ফুটবলপ্রেমী ফরহাদ হোসেন শাওন বলেন, “বাংলাদেশ বিশ্বকাপে নেই। তাই নির্দিষ্ট কোনো দলের সমর্থক নই। তবে রোনালদোর কারণে এবার পর্তুগালকে সমর্থন করছি।”
দাম বেড়েছে জার্সির
ক্রেতা ও বিক্রেতারা জানান, কাপড়ের দাম বৃদ্ধি ও উৎপাদন সংকটের কারণে এ বছর জার্সির দাম কিছুটা বেশি। মানভেদে জার্সির দাম ৪০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
‘সুজন স্পোর্টস’-এর মালিক আবির উদ্দিন খান জয় বলেন, “বেচাকেনা বেশ ভালো। আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের জার্সির চাহিদাও বেড়েছে। তবে পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।”
‘স্পোর্টস পয়েন্ট’-এর ব্যবস্থাপক মামুন হোসেন জানান, “সব বয়সীদের জন্য জার্সি বিক্রি হচ্ছে। এবার জার্মানি, স্পেন, পর্তুগাল ও ইরানের জার্সির চাহিদা আগের তুলনায় বেশি।”
ব্যবসায়ী সুজন গাজী বলেন, “শিশুদের জার্সির চাহিদা বেশি থাকলেও পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে দামও বেড়েছে।”
জার্সি ও পতাকার বর্তমান দাম
লোকাল জার্সি: ৪০০-৫০০ টাকা
ফ্যান এডিশন: ৫০০-৬৫০ টাকা
প্লেয়ার কপি: ৯০০-১১০০ টাকা
প্লেয়ার এডিশন: ১৫০০-২৫০০ টাকা
শিশুদের জার্সি: ২০০ টাকা থেকে শুরু
পতাকা (৩-৩.৫ ফুট): ১২০-১৫০ টাকা
পতাকা (৫ ফুট): ২০০-২৫০ টাকা
পতাকা (১০ ফুট): ৪৫০-৫০০ টাকা
জার্সি ও পতাকার পাশাপাশি ফুটবল, বুট এবং বিশ্বকাপের অফিসিয়াল বলের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্বকাপ ঘিরে যশোরের ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস এখন স্পষ্ট বাজারের প্রতিটি দোকানেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.