শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ আকারে মোবাইল ফোন ইন্টারনেট অ্যাপ ব্যবহারের আসক্তি দেখা দিয়েছে। এতে পড়াশুনার প্রতি আগ্রহ হারাচ্ছে তারা। বিষয়টি নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
এলাকার অভিভাবকদের সাথে আলাপ করে জানা গেছে, শিক্ষার্থীরা পড়াশুনা বাদ রেখে রাত জেগে মোবাইল ব্যবহার করছে। এতে খিটখিটে মেজাজ হচ্ছে তাদের। এছাড়া মানসিক ভাবে নানা প্রভাব পড়ছে তাদের ওপর। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা টিকটক, রিলস ও ফেসবুকের মাধ্যমে টাকা আয়ের প্রতিযোগিতায় নেমেছে। অনেকে আবার মোবাইলের মাধ্যমে অনলাইন গেমের নেশায় জড়িয়ে পড়ছে।
একই সাথে এলাকার অনেক শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে জুয়া খেলার মত বাজে নেশায় জড়িয়ে পড়ছে। পাশাপাশি এ সকল শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির অন্ধকার গলিতে প্রবেশ করে অশালীন ভিডিও দেখার ভয়াবহ ও ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। মোবাইল ফোনের অপব্যবহার রোধে এখনি সচেতনতা বৃদ্ধি করা না হলে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, তাদের প্রায় নব্বই ভাগের বেশি শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। এদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী অ্যানড্রয়েড ফোন ব্যবহার করে।
ভুক্তভোগী অভিভাবরা অনেকে জানান, তাদের সন্তানেরা অতিমাত্রায় মোবাইল ফোন আসক্তিতে আক্রান্ত। নিয়মিত তারা পড়ার টেবিলে বসে না। স্কুল-কলেজে যাওয়ার বিষয়ে তাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এ সকল শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত ফোন ঘাটা-ঘাটি করে। দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রের রয়েছে তাদের চরম অনিহা। অনেক পরিবারের সন্তানরা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা অন্য কোন উপায়ে বাবা-মাকে জিম্মি করে ফেলছে। ফলে তারা বাধ্য হয়ে সন্তানকে মোবাইল ফোন কিনে দিচ্ছেন। অনেক দরিদ্র পিতা-মাতা তাদের সন্তানের মোবাইলে ইন্টারনেটের টাকা যোগাতে হিমশিম খাচ্ছেন। এর ফলে অধিকাংশ বাড়িতে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক অশান্তি।
এ সকল অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকন্ঠায় দিন কাটান বলেও অভিমত ব্যক্ত করেন।
এ ব্যাপারে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মিজানুর রহমান কাজী বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের কম্পিউটার, ইন্টারনেটে দক্ষতা অর্জন করার কথা। কিন্তু শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির খারাপ দিকটা গ্রহণ করে পড়া-লেখায় নেতিবাচক প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে লেখাপড়ায় বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.