ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ২ হাজার টাকা এবং আহম্মেদীয়া ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার বলেন, “জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছে, নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.