নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ৯০ কেজি শুকনা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামেদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার বিষয়ে পুলিশ সুপারের কাছে তথ্য আসে। এর পরিপ্রেক্ষিতে নিয়ামতপুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত চলাকালে ৭ জুন রাতে হামেদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ জুন ভোররাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত চলা অভিযানে ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ট্রাক ও মাইক্রোবাসযোগে গাঁজা সংগ্রহ করে ওই বাড়িতে মজুদ রাখতেন। বাড়িটির দোতলা ভবনকে মাদকের গুদাম হিসেবে ব্যবহার করা হতো। সেখান থেকে নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.