নরসিংদী প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদীতে বালকদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (৯ জুন) নরসিংদী সদর উপজেলার সড়ক বিভাগের পুকুরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খালেদ হোসেন শিমুল। জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি রেজা-ই-রাব্বি সাঁতারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাঁতার শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি অন্যতম শ্রেষ্ঠ ব্যায়াম। নিয়মিত সাঁতার শরীরের সব মাংসপেশিকে সক্রিয় রাখে এবং মানুষকে সুস্থ ও কর্মক্ষম থাকতে সহায়তা করে।” তিনি সকল বয়সী মানুষকে সাঁতার শেখার আহ্বান জানান এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
একই দিন দুপুর ১২টায় বালকদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাঁতারের বিভিন্ন কৌশল ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক ও স্থানীয়রা বলেন, সাঁতার প্রশিক্ষণ শিশু-কিশোরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পানিতে দুর্ঘটনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন নরসিংদীর তরুণ প্রজন্মের মধ্যে সাঁতার চর্চা ও ক্রীড়াবান্ধব মনোভাব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.