মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ইউনিয়নের যোনারচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নুরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলা জেলার সুমন (২৬)। আহত জহিরুল ইসলাম (৪০)-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.