আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে তারা।
পরে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে তছনছ করে এবং সেখানে থাকা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, “গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারিতে থাকা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করব।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাছনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.