নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে টাঙ্গাইলের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে পুলিশ মিডিয়া সেলে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় সাইবার টিম তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল থেকে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াও আরও কয়েকজন নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করত এবং পরে সেগুলো দিয়ে হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ ও অনলাইন হয়রানি দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.