গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপি নেতা আইয়ুব আলী খানকে কেন্দ্র করে দলীয় বহিষ্কারাদেশ নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি বিবৃতিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আইয়ুব আলী খানকে বহিষ্কারের দাবি জানিয়ে রোববার (৭ জুন) রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিএনপির কয়েকজন সাবেক নেতা।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে আইয়ুব আলী খান ও তার পরিবারের বিতর্কিত কর্মকাণ্ড এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দাবি করা হয়।
বহিষ্কারের ওই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি ঘিরে প্রশ্ন ওঠে—বর্তমান কমিটির সদস্যকে সাবেক নেতারা বহিষ্কার করতে পারেন কি না।
এরপর ৮ জুন রাতে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন যৌথ বিবৃতিতে ওই বহিষ্কারাদেশকে অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করেন। তারা বলেন, উপজেলা বিএনপির সুপারিশ ছাড়া এ ধরনের বহিষ্কার করার এখতিয়ার নেই, এটি জেলা বিএনপির সিদ্ধান্তের বিষয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও একজনকে কুপিয়ে জখমের ঘটনায় আইয়ুব আলী খান, তার দুই ছেলে ও জামাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি যাওয়া মালামাল তার ভাঙারি দোকান থেকে উদ্ধারের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.