আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার মধ্যম চাপড়া খেয়াঘাট চত্বরে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি এবং রেইন ফর লাইফ প্রজেক্টের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক প্রজেক্ট অপারেশন ম্যানেজার শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার এনামুল হক, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্র্যাক কর্মকর্তা-কর্মী ও স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, ব্র্যাক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৬৬ বিঘা জমিতে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর ফলে বছরে শত শত টন কার্বন শোষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
তারা আরও জানান, বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রেইন ফর লাইফ প্রকল্পের আওতায় আশাশুনিতে দুটি ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রায় ৪০ হাজার ম্যানগ্রোভ গাছ রোপণ এবং ১,২৬০ কেজি বীজ ছড়িয়ে উপকূলীয় পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে।
পরিবেশবিদদের মতে, ম্যানগ্রোভ বন “ব্লু কার্বন” ইকোসিস্টেম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বন বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে।
আশাশুনির ৬৬ বিঘা জমি প্রায় ৮.৮ হেক্টরের সমান হওয়ায়, পূর্ণ বিকাশে এ বন প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কার্বন শোষণে সক্ষম হবে বলে বক্তারা উল্লেখ করেন। পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব কমানো, ভূমিক্ষয় রোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.