ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর মো. রায়হান (১৪) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১০ জুন) সকালে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রায়হানের পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রায়হানকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, রায়হান একজন নিরীহ ও নিরপরাধ কিশোর ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা এলাকাবাসীকে মর্মাহত করেছে।
মানববন্ধনে বক্তব্য দেন রানু মিয়া, ইসমাইল হোসেন, সালাউদ্দিন, মাহফুজ মিয়া এবং নিহত রায়হানের মা হনুপা বেগম।
নিহত রায়হানের মা হনুপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন মা হিসেবে আমি ন্যায়বিচার চাই।”
বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে সরাইল থানার তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় বিল্লাল মিয়া নামে একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে সব আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.