মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।
বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবীপাড়া ব্রিজে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গোয়ালমান্দা, চকউদয় নারায়ণ, বারিল্যা ও কদমতলী বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ৩ হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকছে, ফলে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারছেন না।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান খালটি দীর্ঘদিন ধরে ভরাট অবস্থায় থাকলেও তা পুনঃখননে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং জলাবদ্ধতা দূর হয়ে আমন ধানসহ মৌসুমি ফসল উৎপাদন বাড়বে। পাশাপাশি শুষ্ক মৌসুমে খালের পানি সেচ কাজে ব্যবহার করা যাবে, যা কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জলাবদ্ধতার কারণে প্রতিবছর তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেক জমি অনাবাদি থাকায় কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং জীবিকা সংকট তৈরি হচ্ছে। দ্রুত খাল পুনঃখননের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.