মনিরামপুর (যশোর) প্রতিনিধি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য কেবল আইন বা প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার জাগরণই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন বক্তারা।
বুধবার (১০ জুন) যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও জবাবদিহিতার মানসিকতা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন বলেন, “দুর্নীতি শুধু আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ও নৈতিক সংকট। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. মুহিব বুল্লাহ বলেন, “সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ সমাজে পুনঃপ্রতিষ্ঠা না হলে কোনো প্রশাসনিক সংস্কারই দীর্ঘস্থায়ী সুফল দিতে পারে না। শিক্ষার্থীদের বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রম এ চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিতর্ক প্রতিযোগিতায় দুটি গ্রুপের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে চূড়ান্ত পর্বে ‘দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক হয়।
অনুষ্ঠানে বিচারক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.