স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালাম মোল্যা (৩৫)কে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজার সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কালাম মোল্যা মাউলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কালাম মোল্যা লোহাগড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। দিঘলিয়া বাজার অতিক্রম করে জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা চাপাতি ও রামদা দিয়ে তার বাম হাত ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কালাম মোল্যার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, “কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.