রাজশাহী প্রতিনিধি
তীব্র গরমে জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি রেলগেটে পথচারীদের জন্য স্থাপিত অস্থায়ী বিশ্রামাগারও পরিদর্শন করেন এবং গরমে মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মো. জুবায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, চলমান দাবদাহে পথচারীদের বিশ্রাম ও সেবা নিশ্চিত করতে নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হচ্ছে।
সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তারা বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক সহায়তা সাধারণ মানুষের জন্য অনেক উপকারী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.