স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের পৌর এলাকার ডুমরতলা গ্রামে দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার সালিশ বৈঠকে আব্দুর রহিম (৪০) নামে এক জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমরতলা গ্রামের ঈদগাহপাড়ার আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার (১০ জুন) রাজু মোল্যার বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনার বিচার চেয়ে রাজু মোল্যা ও তার বাবা স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াত নেতা আব্দুর রহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে অভিযুক্ত আশিক মোল্যা হট্টগোল শুরু করলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আব্দুর রহিম। এ সময় আশিক মোল্যা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে উপস্থিত লোকজন আহত আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত আশিক মোল্যার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “সালিশ বৈঠকে একজন জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.