যশোর প্রতিনিধি
যশোরের এক মালয়েশিয়া প্রবাসীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সড়ক দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে তার পরিবারের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসুখালী গ্রামের আব্দুর রাজ্জাক গাজী (৩৯) এবং পশ্চিম নলতা গ্রামের আবীর হোসেন (২৫)।
ডিবি সূত্র জানায়, ঝিকরগাছা থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুর রাজ্জাক গাজীর কাছ থেকে নগদ ৩৫ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া আবীর হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর মালয়েশিয়া প্রবাসী বিপ্লব হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারক চক্রটি। পরে তারা প্রবাসীর স্ত্রীকে ফোন করে জানায়, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জরুরি চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন।
স্বামীর বিপদের খবর শুনে আতঙ্কিত হয়ে ভুক্তভোগী নারী ও তার স্বজনরা প্রতারকদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ৬ লাখ ৯০ হাজার ৪৫৫ টাকা পাঠান। পরে সরাসরি স্বামীর সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দুর্ঘটনার কোনো ঘটনাই ঘটেনি।
প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রবাসীর স্ত্রী ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.