হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে সড়কের ওপর হামলার শিকার হয়েছেন যশোরের বেনাপোলের সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেলে করে শার্শার দিকে যাচ্ছিলেন বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু। পথে কাগজপুকুর বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। পরে তারা অতর্কিত হামলা চালালে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।
একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য বের হয়েছিলাম। পথে হঠাৎ করেই আমার ওপর হামলা চালানো হয়। হামলার সময় নিজেকে রক্ষা করারও সুযোগ পাইনি।”
ঘটনার পর বেনাপোল ও শার্শা এলাকার সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রকাশ্য সড়কে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.