কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পশ্চিম পুয়ালি গ্রামের কাঠের পুল এলাকায় স্থানীয় সুশীল সমাজ ও যুব সমাজের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, এলাকায় চিহ্নিত মাদকসেবী জাহিদুল ইসলাম ওরফে ইরান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদকসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ভূরঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মুন্সী, মো. শাহীন হাওলাদারসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এ সময় তারা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এলাকাবাসীকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির মুখে ফেলা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বনগ্রাম খাদেমুল ইসলামিয়া সুন্নাতিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারি, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সমাজসেবক মতিউর রহমান বাদল কাজী, গণমাধ্যমকর্মী মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জাফরুল হাসান, মো. আতিকুর রহমান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠের পুল চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় যুব সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ ও আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.