যশোর প্রতিনিধি
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান ও মহান মুক্তিযুদ্ধের যশোরাঞ্চলের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই। শুক্রবার (১২ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছরের বেশি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলী হোসেন মনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে যশোরে ফিরিয়ে আনার পর গত সোমবার আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা ফারজানা আলীসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার স্ত্রী ও একমাত্র ছেলে আগেই মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার রেলবাজারস্থ বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রাজনৈতিক জীবনে আলী হোসেন মনি ছিলেন একজন সংগ্রামী নেতা। ষাটের দশকে তিনি তৎকালীন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর তিনি জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জাসদ (ইনু) এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত রফিউদ্দিন এবং মা প্রয়াত মনোয়ারা বেগম।
তার মৃত্যুতে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, আবুল কায়েসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.