মো. রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
“উপজেলা পর্যায়ে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের গবেষণা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে। স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লিটন, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, শিক্ষক হারুন অর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শন করে অতিথিরা শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পরে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাঝে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.