আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণরাই আগামীর উন্নত বাংলাদেশের নির্মাতা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে এনে তাদের উদ্ভাবনী মেধার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের আয়োজন গবেষণামুখী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক যুগে উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা অত্যন্ত আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের গঠনমূলক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প ও উদ্ভাবনী ধারণা তুলে ধরেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.