শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
শিক্ষার্থীদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আবিষ্কার ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী (ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু এবং চিতলমারী অন্তরাল পত্রিকার সম্পাদক একরামুল হক মুন্সী।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ১৪টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের নানা দিক তুলে ধরেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী কাজে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.