মনিরামপুর (যশোর) প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রদর্শনীতে অংশ নেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা ও বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তা ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তরুণদের চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি জীবন পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সবুর বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনোভাব ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.