ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ।
অভিযুক্ত মোহাম্মদ সুলতান (৩০) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কিতাব আলীর ছেলে। তিনি স্ত্রী রুনা আক্তারের সঙ্গে ফুলগাজীতে বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করতেন।
শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই তাকে ও সন্তানকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতে তিনি বাইরে থেকে ফিরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী শিশুটিকে আছাড় মেরে হত্যা করেছেন। তবে অভিযুক্ত সুলতান দাবি করেছেন, কোলে নিয়ে খেলার সময় শিশুটি তার হাত থেকে পড়ে যায়।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে শিশুটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.