যশোর প্রতিনিধি
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যশোরে। শনিবার শহরের নব কিশলয় স্কুলে সামাজিক বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।
একই দিনে পরিবেশ রক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে পৃথকভাবে ছয় মাস মেয়াদি আরও একটি ‘এক হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
নব কিশলয় স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় যশোরে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি বিদ্যালয়কে সবুজে রূপান্তর করতে সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করছে।”
তিনি আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হচ্ছে যাতে তারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যা করতে পারে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ সচেতন হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশারফ হোসেন, সামাজিক বন অঞ্চল যশোরের হারুন অর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।
এদিকে যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এই উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়িতে অন্তত দুটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.