দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করার অভিযোগ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী, পুরুষ ও শিশুসহ তিন পরিবারের সদস্যরা দুই দিন ধরে পাটক্ষেতের মধ্যে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।
শনিবার সকালে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার যাদব এবং বিজিবির পক্ষে ৪৭ বিজিবির সহকারী পরিচালক মো. নুরুল হুদা।
বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সীমান্তে অবস্থানরত ১২ জনের বিষয়ে তদন্তের জন্য সময় চায়। একই সঙ্গে তাদের নিজ হেফাজতে নেওয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত জানায়নি বিএসএফ। ফলে কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে অবস্থানরত ওই ১২ জনকে নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থান বজায় রেখেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার ভোরে ১৪৯ সীমান্ত পিলার সংলগ্ন চরবিলগাতুয়া এলাকায় শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হলে তাদের সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিতে বাধ্য করা হয়। পরে তারা প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয় বলে জানা গেছে।
বাংলাদেশি পরিচয় দাবি করা ওই ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনার তিনটি পরিবারের সদস্যরা। তারা ভারতের কেরালা রাজ্য থেকে আটক হয়ে সীমান্তে আনা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, পতাকা বৈঠকে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করেছে এবং তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।
সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির মধ্যে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন ওই ১২ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.