নরসিংদী প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। খুব শিগগিরই পাইলট প্রকল্পের মাধ্যমে একটি যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে, যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, “আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে গিয়ে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করবেন। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তখনই তাকে হাসপাতালে পাঠানো হবে। এতে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতের আধুনিকায়নে চীন সরকারের সহযোগিতায় ৩ হাজার বেড বিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সুবিধা থাকবে।
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার একটি ব্যতিক্রমধর্মী ধারায় দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে—সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।”
স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, কারণ তারা আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করছিল।”
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.